
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পুলিশ সুপার (এসএএফ) ও অতিরিক্ত দায়িত্বে থাকা বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
এসআই (নিরস্ত্র) মো. রিয়াজুল ইসলাম শেখ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাঘাইছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া, রাবার ফ্যাক্টরি এলাকার মো. আব্দুল লতিফ ও মোছা. মিনা আক্তারের ছেলে মো. আব্দুল্লাহ প্রকাশ মুরাদ (১৭) এবং রহমত উল্লাহ ও নূর আয়েশা বেগমের ছেলে মো. আবু সৈয়দ প্রকাশ বাবলু (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।