
শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে লংগদু জোনের উদ্যোগে আয়োজিত “লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৬ জুন) লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাইনি ইউনিয়ন ফুটবল একাদশ, রানার্স-আপ খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশ, শ্রেষ্ঠ খেলোয়াড় খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতা ঝন্টু দাস-এর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে লংগদু জোন নিয়মিত জনকল্যাণমূলক, সামাজিক এবং ক্রীড়াভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে “লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর সমাপ্তি ঘোষণা করেন।