লিটনের চিকিৎসায় ফিজিওর গাফিলতি পায়নি শৃঙ্খলা কমিটি

প্রতিবেদক: ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১ ঘন্টা আগে

লিটন দাস

লিটন কুমার দাসের কাফ মাসলের চোট না সারায় প্রশ্ন ওঠে বিসিবির মেডিকেল বিভাগের দায়িত্ব নিয়ে। এই বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী ও জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কাছে চিকিৎসা প্রটোকল নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। বোর্ডের চিঠি পেয়ে চিকিৎসা প্রটোকল নিয়ে গত সোমবার শৃঙ্খলা কমিটির মুখোমুখি হয়েছিলেন দেবাশীষ-বায়েজিদ। সেখানে তারা লিটনের চিকিৎসা প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেছেন বলে জানান পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ‘ফিজিও বায়েজিদুল ইসলাম জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে গিয়েছিলেন। সেখান থেকে ভিডিওতে লিটনের পরিচর্যার ট্রেনিং দেখে সিদ্ধান্ত দিতে হতো তাঁকে। বিষয়টি সহজ ছিল না। মেডিকেল বিভাগের কোনো গাফিলতি ছিল না লিটনের চিকিৎসায়। এমআরআই রিপোর্ট দেখে তাকে তিন সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছিল। ওই সময় পার হওয়ার পর আবার এমআরআই করে দেখা হয়েছে এবং রিপোর্টে লেখা হয়েছে চোট নেই। ত্রুটি থাকলে এমআরআই স্ক্যান রিপোর্ট যারা তৈরি করেন তাদের। বিসিবির চিকিৎসক ও ফিজিও রিপোর্ট দেখেই তো ফিটনেস প্রটোকল দেবেন। স্ক্যান রিপোর্টে চোট না থাকায় লিটনকে সুস্থ ঘোষণা করেন চিকিৎসকরা। নির্বাচকরাও তাকে জাতীয় দলের জন্য জিম্বাবুয়েতে পাঠান। ওখানে গিয়ে সে অনুভব করে ব্যথা আছে। এর পরে তো তাকে খেলানো হয়নি।’

তিনি জানান, লিটন ছুটি কাটাতে চীনে গিয়েছিলেন এক বন্ধুর কাছে। ওখান থেকে একটি অ্যাপায়নমেন্ট নিয়ে সিঙ্গাপুরে ডাক্তার দেখান। সিঙ্গাপুরের যে স্ক্যান মেশিন, সেটা বাংলাদেশে নেই। ওখানে গিয়েই ধরা পড়ে পেশির ভেতরে পানি জমে আছে। 

  • বিসিবি
  • লিটন দাস