Oplus_131072

মো.জয়নাল আবেদীন,কাপ্তাই (রাঙামাটি)
আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে একযোগে মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। তিনি জানান, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন, পাশাপাশি ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়ি ঘোষণার মাধ্যমে গ্রামটির সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন বাস্তবায়নের একটি সফল মডেল হিসেবে দেশের অন্যান্য গ্রামের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করব।