রাঙামাটিতে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, ৪৫ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: মো. নাজিম আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার চারজন হলেন মো. ইরফান (১৯), হাসান আলী (৩৫), মো. সুমন (৩৮) ও মো. মামুন আলম (৩৫)। তাদের হেফাজত থেকে মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে সাগর দাশ (৩৩), মো. বাচা (২৯), মো. আবুল হাশেম (৩৫), মো. আমির হোসেন (৩৯) ও প্রদীপ দে (৫৫) নামে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে ফজলে রাব্বী (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ১০ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।