Oplus_131072

লংগদু স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ‘আনন্দ ভ্রমণ ও পাহাড়কে জানি’ শীর্ষক শিক্ষামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই লেকের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে ভ্রমণের আনন্দের পাশাপাশি পাহাড়, প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং স্থানীয় জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লংগদু স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, সহ-সভাপতি নাসরিন আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আনিকা আক্তার, স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার, রক্তদান বিষয়ক সম্পাদক মো. রকিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভাপতির বক্তব্যে মো. নুরুল আলম বলেন, “এ আয়োজন শুধু একটি আনন্দ ভ্রমণ নয়, বরং এটি একটি শিক্ষামূলক উদ্যোগ। আমরা পাহাড়কে জানব, জ্ঞানকে সমৃদ্ধ করব এবং নিজেদের শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রস্তুত করব। অনার্স শেষ হওয়ার অপেক্ষা না করে অধ্যয়নকালীন সময় থেকেই চাকরির প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে লংগদু স্টুডেন্টস ফোরাম ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে এবং এ প্রচেষ্টায় সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে।
সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, সংগঠনের চলমান কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
এ সময় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার সংগঠনের একতাবদ্ধতা, শৃঙ্খলা এবং আগামী দিনের কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের জানানো হয়, ভ্রমণটি কাপ্তাই লেকের ফিশারি বাঁধ থেকে শুরু হয়ে কাপ্তাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।