পরিবেশ সংরক্ষণে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিবেদক: মো: ফয়সাল
প্রকাশ: ১ মাস আগে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শিক্ষক সেলিম আহম্মদ, শাহী সেলিম, বানসিতা দেওয়ান এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী, সদস্য সচিব নাজমুল হাসান নয়ন, সদস্য ইমন হোসেন সোহেল, রাম দাশ, ইয়াসিন উদ্দীন মেঘ, মো. ইমন হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।”

আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম বলেন, “গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাব শুধু ক্রীড়া কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিতে চাই।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “সবুজ পরিবেশ গড়তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”

যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী বলেন, “প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই আমাদের পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।