লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রতিবেদক: বিপ্লব ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙ্গামাটির লংগদু উপজেলার উলুছড়ি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে লংগদু জোনের সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজন ও দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ ও বিশুদ্ধ পানি পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি বয়ে এনেছে।