কর্ণফুলী সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে মানসম্মত খাবার ও স্বাস্থ্যসেবা প্রদান

প্রতিবেদক: মো জয়নাল আবেদীন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের জন্য মানসম্মত খাবার, স্বাস্থ্যসেবা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রটি পরিদর্শনকালে দেখা যায়, সেখানে আশ্রয় নেওয়া মানুষদের জন্য পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে প্রায় ২০০ জন বন্যাদুর্গত মানুষের জন্য ডিম, আলু ও খিচুড়ি রান্না ও পরিবেশনের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ। তিনি নিজে উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ ও শিশুদের খোঁজখবর নেন। পাশাপাশি নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ সময় বক্তব্যে মোহাম্মদ ইউসুফ বলেন, “দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি আশ্রয়কেন্দ্রে থাকা প্রত্যেক মানুষের জন্য খাবার, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে।”

কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কাপ্তাই উপজেলা সাবেক চেয়রম্যান দিলদার হোসেন পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। বন্যাদুর্গত মানুষের খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আশ্রয়কেন্দ্রে মেডিকেল টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ডেন্টাল সার্জন ডা. আব্দুল হালিম, মেডিকেল অফিসার অনামিকা দাশ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহমদ এবং অফিস সহায়ক মো. সিকান্দর। তাঁরা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

চিকিৎসকরা জানান, বন্যার সময় বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলো খাবার, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।