শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মো জয়নাল আবেদীন , কাপ্তাই রাঙামাটি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্ল্যাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মো. হারুনুর রশিদ এবং জুলাই যোদ্ধার পিতা মো. ইউছুপ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের ত্যাগের চেতনা ধারণ করে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা এবং শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের অধিকার আদায়, সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।