
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে শনিবার (১৮ জুলাই) রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ক্যওসিং মং চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উথোয়াই মং মারমা।
সভাপতিত্ব করেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। উপস্থিত ছিলেন রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু হাসান চৌধুরী (রক্সি), কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বাপ্পা, রাইখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নেজাম, যুগ্ম সম্পাদক মাহাবুব আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। জেলা পরিষদ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
কর্মসূচির আওতায় ৩০০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এ সহায়তা পরিবারগুলোর জন্য অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।