কাপ্তাই বিএনপি নেতা মাসুদের সন্ধানে অব্যাহত উদ্ধার তৎপরতা

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে দুই দিন পার হলেও নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদ (৫৩)-এর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং দীর্ঘদিন ধরে কেপিএম (কর্ণফুলী পেপার মিল) চিপার হাউজে অস্থায়ী নৈশ্য প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বিলাইছড়ি, ফারুয়া ও আশপাশের এলাকায় মৌসুমি ক্ষুদ্র ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকা থেকে নিজস্ব ইঞ্জিনচালিত বোটে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেন মাসুদ। পরে কাপ্তাই হ্রদের গর্জন টিলা এলাকায় তাঁর বোটটি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া গেলেও তিনি নিজে নিখোঁজ ছিলেন।

ঘটনার খবর পেয়ে কাপ্তাই বিএনপির নেতাকর্মীরা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ বলেন, “আমরা আমাদের ওয়ার্ড সভাপতি মাসুদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছি।”

কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “নিখোঁজ মাসুদের সন্ধান পেতে আমরা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”

রোববার কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, “ঘটনার পর থেকেই দলীয় নেতাকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ নেতা মাসুদের সন্ধান অব্যাহত রেখেছি।”

এদিকে, নিখোঁজ মাসুদের বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর বাবার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত তাঁর বাবার সন্ধান পাওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রশাসন, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীদের যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে।