ওয়াগ্গা ইউনিয়নে ৩৬৫ পরিবারের মাঝে ২০ কেজি করে খাদ্যশস্য বিতরণ

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ২ দিন আগে

মো.জয়নাল আবেদীন,কাপ্তাই(রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন। জেলাপরিষদের উদ্যোগে ৩৬৫টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মোট ৩৬৫টি পরিবারের হাতে খাদ্যশস্য তুলে দেওয়া হয়।

খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ক্যাওসিংমং মারমা। তিনি বলেন, “দুর্যোগ ও সংকট মোকাবিলায় রাঙামাটি জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীত তঞ্চঙ্গ্যা। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একরাম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি বাবুল, যুগ্ম-সম্পাদক আকবর খান, সদস্য অংসুইউ মারমা, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, উপজেলা জাসাসের যুগ্ম-সম্পাদক সাথোয়াই মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যশস্য পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।