লংগদুতে অটোরিকশাচালককে কু’পি’য়ে প্রায় ২ লাখ টাকা ছি’ন’তা’ই’য়ে’র অভিযোগ

প্রতিবেদক: মো: ফয়সাল
প্রকাশ: ৫৯ minutes ago

রাঙামাটির লংগদু উপজেলায় এক অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মুসলিম ব্লক এলাকার একটি সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালকের নাম আমির হোসেন (৩০)। তিনি উপজেলার বাইট্টাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় আমির হোসেন মোবাইল ফোনে স্থানীয় বাসিন্দা বেলালকে কল করে সাহায্য চান। বেলাল জানান, ফোনে আমির শুধু বলেছিলেন, “আমাকে বাঁচান ভাই।”

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা দেখতে পান, সড়কের পাশে অটোরিকশাটি পড়ে রয়েছে এবং কিছু দূরে সেগুন বাগানের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমির হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ ও মাথায় গুরুতর জখম রয়েছে। তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

দিনদুপুরে এমন হামলা ও ছিনতাইয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।