
রাঙামাটির পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ খাতের উন্নয়ন ও বিকাশে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটি (TOAR)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) ও পর্যটনবিষয়ক সদস্য শাশ্বত চাকমা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও পর্যটনবিষয়ক সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন TOAR-এর নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে TOAR-এর পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) ও পর্যটনবিষয়ক সদস্য শাশ্বত চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় রাঙামাটির পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা, পর্যটন উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা এবং পর্যটনসেবার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জেলার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে জেলা পরিষদের সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্যটনবিষয়ক সদস্য TOAR-এর সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর ও প্রশিক্ষিত ট্যুর গাইডদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাঙামাটির পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানান তারা।
এ সময় TOAR-এর সভাপতি মো. বাদশা ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি কিল্লল চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষিত ট্যুর গাইডরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙামাটির পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে ২০২৪ সালের ২৩ জুন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটি (TOAR) আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর থেকে সংগঠনটি রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, পর্যটনসেবার মানোন্নয়ন এবং পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তাদের সমন্বয়ে কাজ করে আসছে।