৪৫ টাকার চায়ের বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রতিবেদক: মো মিজানুর রহমান
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের বাকি ৪৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তীপুর এলাকায় চায়ের দোকানদার শামিম হোসেনের সঙ্গে মুদি দোকানদার মোস্তফার ৪৫ টাকার চায়ের বিল নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহতরা চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শান্ত করে। বর্তমানে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।