
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হিল বয়েস মাদ্রাসাপাড়া ও হাজী নুরুল আলম স্মৃতি সংসদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হিল বয়েস মাদ্রাসাপাড়াকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজী নুরুল আলম স্মৃতি সংসদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার এবং জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা।
এছাড়াও উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান।
খেলা শেষে অতিথিবৃন্দ বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বেশি করা প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট বাঘাইছড়ির ক্রীড়াঙ্গনে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
ফাইনাল খেলা শেষে বিজয়ী হাজী নুরুল আলম স্মৃতি সংসদ ও রানার্সআপ হিল বয়েস মাদ্রাসাপাড়া দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।