
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের পুরস্কার প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণে সহায়তা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান, এলাকার নিরাপত্তা ও আলোকায়নের জন্য সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা না গেলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না। পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।