গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ, তদন্তে পুলিশ

প্রতিবেদক: বরকল প্রতিনিধি মো:নিরব হাওলাদার
প্রকাশ: ১ মাস আগে

রাঙ্গামাটির বরকল উপজেলায় ভূষণছড়া মুসলিম পাড়া জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিল্পী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে নিজ জমিতে অবস্থানকালে শিল্পী বেগমের ওপর হামলা চালানো হয়। অভিযোগে মজনু মিয়া (৫০) ও তার ছেলে নাজমুল ইসলাম (২২)-এর নাম উল্লেখ করা হয়েছে। হামলায় শিল্পী বেগমের মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে বলে পরিবারের দাবি।

স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ধরনের বিরোধ ও হামলার অভিযোগ উঠেছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিক কে টিভি নিউজকে জানান,

“বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাকে আইনের আওতায় আনা হবে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কে টিভি নিউজ ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করবে।