
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর বাজারে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং নানিয়ারচর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নানিয়ারচর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।