ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ১ ঘন্টা আগে

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় মুসলিম পাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

এ সময় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাঙছড়ি মুসলিম পাড়ার মসজিদের সার্বিক অবস্থা, বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।

মসজিদ কমিটির সভাপতি মো. সাত্তার ও মোহাম্মদ নেজাম উদ্দিনসহ স্থানীয়রা মসজিদটির বিভিন্ন সমস্যা জেলা পরিষদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা জানান, ব্যাঙছড়ি মুসলিম পাড়ার মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের মাধ্যমে মসজিদের কার্যক্রম চালিয়ে নেওয়া হলেও বর্তমানে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। ফলে মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী বলেন, পুরোনো মসজিদটি বর্তমানে সংস্কারের পাশাপাশি একটি উন্নত ও আধুনিক মসজিদ নির্মাণ করা প্রয়োজন। এ জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা ও বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।

মসজিদ কমিটির সভাপতি বলেন, “মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে। বর্তমানে মসজিদের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। তাই মুসলিম পাড়ার মানুষের ধর্মীয় প্রয়োজন বিবেচনা করে জেলা পরিষদের মাধ্যমে একটি উন্নত মানের নতুন মসজিদ নির্মাণে আমরা সহযোগিতা চাই।”

এ সময় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মসজিদসহ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি স্থানীয়দের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।