
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার, ২৯ আগস্ট সকালে নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় “তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে”—এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। এতে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় এবং ইসলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাসানী। নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সট্রাক্টর সরওয়ার কামাল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রূপায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ চাকমা, সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. শাহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট স্মিথ চাকমাসহ অন্যান্যরা।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন। তারুণ্যের সচেতন অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা তাদের।