বন্যাদুর্গতদের চলাচলে ওয়ার্ল্ড ভিশন-গ্রাউস কর্তৃক বান্দরবান সদর উপজেলা প্রশাসনের কাছে ৪টি নৌকা হস্তান্তর

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চলাচল ও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) কর্তৃক বান্দরবান সদর উপজেলা প্রশাসনের কাছে ৪টি নৌকা হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নৌকাগুলো হস্তান্তর করা হয়।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিবামনির সভাপতিত্বে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, বান্দরবান গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মামুন, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যা অং প্রু মারমা,জামছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিম্প্রু মারমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

‘আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রম-২০২৬’ প্রকল্পের আওতায় START Fund বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস নৌকাগুলো প্রদান করে। বান্দরবান সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিবামনি নৌকাগুলো গ্রহণ করেন।

হস্তান্তর করা নৌকাগুলোর মধ্যে বান্দরবান সদর ইউনিয়নে ২টি, কুহালং ইউনিয়নে ১টি এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের জন্য ১টি বরাদ্দ দেওয়া হবে। এসব নৌকা বন্যাদুর্গত মানুষের চলাচল, জরুরি যাতায়াত ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে ব্যবহার করা হবে।

সংশ্লিষ্টরা জানান, আকস্মিক বন্যায় বান্দরবানের বিভিন্ন এলাকার মানুষ ঘরবাড়ি, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকা হারিয়ে চরম দুর্ভোগে পড়েন। বন্যার পানি কমে গেলেও দুর্গম ও জলাবদ্ধ এলাকায় অনেকের স্বাভাবিক চলাচল এখনও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় নৌকাগুলো স্থানীয় বন্যাদুর্গত মানুষের যোগাযোগ ও জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হস্তান্তর করা প্রতিটি নৌকা ১৮ ফুট দৈর্ঘ্যের FRP (Fiber Reinforced Plastic) সাপোর্ট বোট। এগুলো টেকসই, মরিচা প্রতিরোধী ও সহজে মেরামতযোগ্য। প্রতিটি নৌকার ধারণক্ষমতা প্রায় ১০ থেকে ১২ জন অথবা প্রায় ৭০০ কেজি। নৌকার ওজন প্রায় ৮৫ কেজি।

এর আগে একই জরুরি সহায়তা কার্যক্রমের আওতায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা বলেন, দুর্যোগকালীন তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।