
রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত সভায় সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা মারজান বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে পাহাড়ধস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।
ইউএনও আরও বলেন, অসতর্কতার কারণে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। তাই রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বন, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি বেশি বেশি গাছ লাগানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বক্তারা আরও বলেন, বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় দ্রুত বাঘাইছড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানান তাঁরা।