Oplus_131072

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতার মামলার পলাতক আসামি, মাদকসেবী ও চোর চক্রের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. আল মামুন ওরফে কেচি মামুন (৩৭) দাঙ্গা সংগঠনের অপরাধে এবং রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪) দস্যুতা সংগঠনের অপরাধে গ্রেপ্তার হয়েছেন। পুলিশের দাবি, আল মামুনের বিরুদ্ধে ১০টি মামলা এবং রমেশ ত্রিপুরার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে এবং তারা এসব মামলায় পলাতক ছিলেন।
এ ছাড়া মো. শামীম (২৭), শুক্কুর আলী (৩৮) ও মো. বাবু (৩০)কে কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে বিশ্বনাথ রবি দাশ (৪০), মো. বাছেদ আলী (৪০) ও মো. জমির উদ্দিন (৩৮) এবং মো. ইউসুফ (৩২)কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফরহাদ (৩৩) নামে এক ব্যক্তিকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ক্যাবল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয় এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।