
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ানের প্রতিনিধি হিসেবে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে এমপি দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
এমপির অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে প্রতিনিধিত্ব করবেন দিলদার হোসেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর দিলদার হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”