বাঘাইছড়ির বৃহত্তর মুসলিম ব্লকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

প্রতিবেদক: মো আনোয়ার হোসেন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শিক্ষার আলোয় আলোকিত হোক সকল শিশুর জীবন এবং মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর ভবিষ্যৎ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের পার্কিং গ্রাউন্ডে এ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

বায়তুল আবরার কেন্দ্রীয় মসজিদের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ  নাছির উদ্দীন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ। এছাড়াও বৃহত্তর মুসলিম ব্লকের ১৮টি সমাজের সমাজ প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃহত্তর মুসলিম ব্লক এলাকাকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় মাদকবিরোধী কঠোর অবস্থান তুলে ধরে বক্তারা বলেন, হয় মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো। মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে এমন সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।