গ্যাস সংকটে চট্টগ্রামকাপ্তাই সড়কে যাত্রী দুর্ভোগ, স বাড়তি ভাড়ায় আদায়ের অভিযোগ

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

জ্বালানি গ্যাসের সংকটে চট্টগ্রামের রাস্তার মাথা থেকে চন্দ্রঘোনা হয়ে কাপ্তাই–রাঙামাটি সড়কে গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলে দেখা দিয়েছে নানা ভোগান্তি। সংকটকে কেন্দ্র করে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠায় চরম চাপে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় তাদের পারিবারিক অর্থনীতিতে পড়ছে বাড়তি চাপ।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, গ্যাস সংকটের কথা বলে কিছু পরিবহন ও সিএনজি চালিত অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র কিংবা জরুরি প্রয়োজনে প্রতিদিন যাতায়াত কারী মানুষের আয়ের একটি উল্লেখ যোগ্য অংশ পরিবহন খরচে চলে যাচ্ছে।

নিয়মিত যাত্রীদের ভাষ্য, জ্বালানি সংকটের বাস্তবতা তারা বুঝতে পারেন। কিন্তু সেই সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যায়। সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিন কয়েক টাকা বাড়তি ভাড়াও মাস শেষে বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। অনেকে প্রয়োজনীয় কাজ কমিয়ে কিংবা অতিরিক্ত ব্যয় বহন করে বাধ্য হয়ে যাতায়াত করছেন।

চট্টগ্রাম–চন্দ্রঘোনা–কাপ্তাই–রাঙামাটি সড়কটি পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। ফলে জ্বালানি সংকটের প্রভাব দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব শুধু পরিবহন খাতেই নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, গ্যাস সংকটের বিষয়টি দ্রুত সমাধানের পাশাপাশি পরিবহন খাতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে কি না, তা কঠোর ভাবে তদারক করতে হবে। একই সঙ্গে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে এমন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, যাতে জ্বালানি সংকটের পুরো বোঝা একতরফাভাবে যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া না হয়।

এ বিষয়ে প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, দেশের স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন। সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাত্রীদের ন্যায্য অধিকার ও নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জোরদার করারও দাবি জানান তারা।

গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ যেন তাদের জীবন যাত্রার সংকটকে আরও গভীর না করে—এখন সেটিই চট্টগ্রাম–কাপ্তাই–রাঙামাটি সড়কে চলাচল কারী যাত্রী ও স্থানীয় মানুষের প্রধান প্রত্যাশা।