
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। জোনের উদ্যোগে বন্যাদুর্গত প্রায় ১৫০টি পরিবারের ছয় শতাধিক মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২৫০ জন অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) মারিশ্যা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় পানিবন্দী ও খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি সদস্যরা।
পরে জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং বিজিবি সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
এছাড়া মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবার পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মারিশ্যা জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।