
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১৫ জুলাই ২০২৬ তারিখে কাপ্তাই জোন সদর, ৩৮ বীর-এর তত্ত্বাবধানে রাইখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাইদুর রহমান এবং ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পা, স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। স্থানীয়রা দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি টানা বর্ষণ ও বন্যার কারণে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।