Oplus_131072

রাঙ্গামাটির বরকল উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কলাবুনিয়া ও আইমাছড়া এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যাদুর্গত ৩২ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান বন্যাদুর্গত পরিবার সমূহের বাড়িতে গিয়ে এবং দূরবর্তী এলাকার বন্যাদুর্গতদের একত্রিত করে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি সাংবাদিক ও সাধারণ এলাকাবাসীর উদ্দ্যেশ্যে বলেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও ৪৫ বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব বলেও তিনি ব্যাক্ত করেন। এ সময় তিনি বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেন এবং বিশুদ্ধ পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সাধারণ মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ওষুধও বিতরণ করেন। পাশাপাশি এলাকার যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি সর্বদা সকলের পাশে থাকবে বলে জানান। উল্লেখ্য যে, বিতরণকৃত ত্রাণসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট প্রদান করা হয়। স্থানীয়রা জানান, বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে ৪৫ বিজিবির এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর ভুয়সী প্রশংসা কুড়িয়েছে।