Oplus_131072

রাঙামাটির কাউখালী থানার পৃথক দুটি বিশেষ অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামি ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৭ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-২০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কাউখালী থানাধীন রাবার বাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টে মহাসড়কে তল্লাশিকালে মো. ইলিয়াস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ২৭ লিটার দেশীয় চোলাই মদ এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় কাউখালী (বেতবুনিয়া) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকেও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে তাদের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।