৪৮ বছরে বিএনপি: কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক: নুর মোহাম্মদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।

সভাপতির বক্তব্যে লোকমান আহমেদ বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি ডা. রহমত উল্লাহ বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, ওলামা দল, ছাত্রদল, জাসাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।