
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাইয়ে দীর্ঘদিনব্যাপী অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটেছে। টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রামের রাউজান উপজেলার জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ ৮ উইকেটের বড় ব্যবধানে রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে উভয় দলের জন্য ৬ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ মাত্র ২ উইকেট হারিয়ে ৪ ওভার ২ বলে ৫৮ রান করে সহজ জয় নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিকে ধারণ করে এই টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল এবং মো. ইউসুফ আলী।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নোমান ও মোহাম্মদ ওমর ফারুক সিকদার (মনা)। খেলার ধারাভাষ্য প্রদান করেন ওসমান গনি তনু।
উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। শুরু থেকেই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এর সফল সমাপ্তি ঘটে।