
ঢাকার পল্টন থানা ও চট্টগ্রাম বন্দর থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে বরকল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,
বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এএসআই তারেক হাসানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানে রাঙ্গামাটি পুরাতন বাসস্ট্যান্ডের দোয়েল চত্বর এলাকা থেকে আক্তার হোসেনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আক্তার হোসেনের বাড়ি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আক্তার হোসেন ঢাকার পল্টন থানায় দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া চট্টগ্রাম বন্দর থানায় দায়ের করা অপর একটি মাদক মামলায়ও তিনি অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তাকে আদালতে প্রেরণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বরকল থানা পুলিশ জানায়, মাদক ও অন্যান্য অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।