২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে বান্দরবানে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক: মোহাম্মদ আলী
প্রকাশ: ২০ ঘন্টা আগে

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারা দেশে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনফুল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ওই দিনের ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বান্দরবান পৌর জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হামেদ হাসান, অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ সোলায়মান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মেহেদী হাসান এবং পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।