
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে এক মাদক কারবারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি হিসেবে পলাশ সরকার (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পোয়াইতু নাড়ামুখ মার্মাপাড়ার সাধন সরকারের ছেলে। বর্তমানে তিনি রাঙামাটি জেলা পরিষদ এলাকার অনিল বড়ুয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ছাড়া এসএম শওকত (৪৫), খোকন পাল (৪৮) ও মনি দাশ (২৮)কে সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে এবং মেহেদী হাসান হৃদয় ওরফে বল্লম (১৯) কে জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে রাঙামাটি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।