কাপ্তাইয়ে টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ৪০ তরুণ-তরুণী

প্রতিবেদক: নুর মোহাম্মদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙামাটির কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব-২য় পর্যায় প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী ‘কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম (কিন্নরী)-তে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণে ২০ জন যুবক ও ২০ জন যুবতীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রায়হানুল ইসলাম বলেন, বর্তমান সময়ে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির দক্ষতা চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও বড় সুযোগ তৈরি করছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মো. দিলদার হোসেন বলেন, দক্ষতাই যুবসমাজের অন্যতম শক্তি। প্রযুক্তিনির্ভর এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে তরুণরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের দোরগোড়ায় প্রযুক্তি শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. খায়রুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাছান বাবু, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন।