
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আয়োজনে নগরবাসীর অভিযোগ, সমস্যা ও বিভিন্ন সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে অবহিত হয়ে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ‘ওপেন হাউজ ডে’ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন,পুলিশ জনগণের সেবক। নগরবাসীর যেকোনো অভিযোগ, সমস্যা ও আইনগত সহায়তার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাধারণ মানুষ যেন পুলিশের কাছে এসে কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন,ওপেন হাউজ ডে’র মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের সমস্যার কথা পুলিশকে জানাতে পারছেন। এতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সেবাপ্রত্যাশীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
পুলিশ কমিশনার আরও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কোনো ব্যক্তি যাতে অন্যায়ভাবে হয়রানির শিকার না হন এবং প্রকৃত ভুক্তভোগীরা যাতে দ্রুত ন্যায়বিচার ও পুলিশি সেবা পান, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম নগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।এছাড়া অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী নাগরিকরাও অংশ নেন।