‎লিখিত অভিযোগের তিন মাস পার, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে আতঙ্ক

প্রতিবেদক: মো সোহেল রানা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

‎রাঙামাটির মাষ্টার কলোনির একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও লিখিত অভিযোগের পরও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৩ মে ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ বিভাগের কাছে লিখিতভাবে একটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, একটি বৈদ্যুতিক খুঁটির নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

‎অভিযোগপত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে অভিযোগ দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ঝুঁকিপূর্ণ খুঁটিটি অপসারণ, মেরামত বা নিরাপদ করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

‎স্থানীয়দের অভিযোগ, জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন একটি ঝুঁকিপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকাটা উদ্বেগজনক। তাদের প্রশ্ন—দুর্ঘটনা ঘটার পরই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে এর দায়ভার কে নেবে?

‎এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দ্রুত তদন্ত, ঘটনাস্থল পরিদর্শন এবং ঝুঁকিপূর্ণ খুঁটিটি জরুরি ভিত্তিতে মেরামত বা অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎দুর্ঘটনার অপেক্ষা নয়—সম্ভাব্য বিপর্যয় এড়াতে এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ।