রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে

প্রতিবেদক: নুর মোহাম্মদ বাবু
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাঙামাটির কাপ্তাইয়ের বরইছড়ির বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ মুরুব্বি আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৩৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণকারী আব্দুল মান্নান পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরইছড়ি এলাকায় তিনি দীর্ঘদিন ধরে একজন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

রোববার বিকেল ৪টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৫টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর মৃত্যুতে একজন প্রবীণ অভিভাবক ও শ্রদ্ধেয় মুরুব্বিকে হারানোর কথা জানিয়েছেন।