
মো জয়নাল আবেদীন কাপ্তাই,
রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফওয়ান আরাবী ২০২৬ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং স্থানীয় এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সাফওয়ান আরাবী কাপ্তাই প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হাই খোকনের সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো আচরণের মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রেখে আসছে সে।
এর আগে কাপ্তাই জোনের উদ্যোগে অনুষ্ঠিত ২০২৫ সালের জোন কমান্ডার’স স্কলারশিপ পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে সাফওয়ান। ধারাবাহিক এই সাফল্য তাকে এলাকার সম্ভাবনাময় শিক্ষার্থীদের একজন হিসেবে পরিচিত করেছে।
ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে সাফওয়ান আরাবী জানায়, দেশের সেবা করার লক্ষ্য নিয়ে সে একজন সেনাবাহিনীর কর্মকর্তা (আর্মি অফিসার) হতে চায়। নিজের লক্ষ্য পূরণে নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে সে।
এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অবদানের কথা স্মরণ করে সাফওয়ান তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, সাফওয়ান শুধু মেধাবীই নয়, বিনয়ী, শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল একজন শিক্ষার্থী। সহপাঠী ও প্রতিবেশীদের কাছেও সে সমানভাবে প্রিয়।
পরিবারের সদস্যরা জানান, সাফওয়ানের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে তাকে অনুপ্রাণিত করবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তারা।