Oplus_131072

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত সমন্বিত যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক দুর্ধর্ষ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়ায় জড়িত ব্যক্তিসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত জেলা পুলিশ, এপিবিএন, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র্যাব, সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২৩০ জন কর্মকর্তা ও সদস্যের অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের উদ্দেশ্য ছিল ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, অপহরণকারী, চাঁদাবাজ এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে অপহরণ, অপহরণপূর্বক হত্যা এবং চাঁদা দাবিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ছাড়া অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।