
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ এবং জব্দ করা পণ্য বিনষ্ট করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ, কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় পরিচালিত এ অভিযানে দ্বীপ রেস্টুরেন্টকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেসার্স হাফিজ স্টোর থেকে সরিষার তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। অভিযানে জব্দকৃত পণ্য তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রয় কিংবা সংরক্ষণ করা যাবে না। তিনি ক্রেতাদেরও পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ভালোভাবে যাচাই করে কেনাকাটা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।