
দারিদ্র্য ও আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটির কাপ্তাইয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান কুষ্ঠ হাসপাতাল চত্বরের সামনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের সমন্বয় কমিটির সিনিয়র সদস্য ও আহ্বায়ক কলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, প্রধান শিক্ষক ও উপদেষ্টা ফজলুল করিম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, শিক্ষক মো. ফারুক ও নয়ন সরকার।
বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, এ সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের সদস্য ইসপাত আহমেদ, মো. জিহাদ, সাকিন বড়ুয়া লিখন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।