রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদারসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার (৪৭) এবং মো. রায়হান (২৪)কে দাঙ্গা সংগঠনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পূর্বের মামলায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ মো. আবু সালেহ মোল্লা ইরফান (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, কামরুল হাসান বুলবুল (৩০)কে মাদক কারবারের অভিযোগে এবং মো. সেকুল মিয়া (৪০)কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ৩ নম্বর আসামি আবু সালেহ মোল্লা ইরফানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে।